ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর
তারেক রহমান জানিয়েছেন, আগামী জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় অঙ্কের বরাদ্দ রাখা হবে।
শনিবার কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে। তিনি জানান, দেশের বিভিন্ন এলাকার মানুষের পাশাপাশি লাকসাম অঞ্চলের বাসিন্দারাও এই সুবিধার আওতায় আসবেন।
তিনি আরও বলেন, আগামী জুনের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। সরকারের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে প্রায় ৫০ লাখ পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া।
তারেক রহমান দাবি করেন, জনগণ আস্থার জায়গা থেকে বিএনপিকে ক্ষমতায় এনেছে এবং সরকার সেই বিশ্বাসের মূল্যায়ন করতে চায়। তিনি উপস্থিত জনতার প্রতি বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।