কানাডা বিমানবন্দরে খাদ্যপণ্য বহনের দায়ে ৩ বাংলাদেশিকে জরিমানা
কানাডা–র টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়া তিন যাত্রীর লাগেজ থেকে ৪৫ কেজির বেশি মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি জব্দ করেছে দেশটির সীমান্ত সেবা সংস্থা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধারলা, ওলগা ও থিও নামের প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এসব খাদ্য ও উদ্ভিজ্জ পণ্য শনাক্ত করে। পরে পণ্যগুলো জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট তিন বাংলাদেশিকে মোট ১ হাজার ৩০০ ডলার জরিমানা করা হয়।
কানাডীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও মিশর থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে প্রায় ২২ কেজি কাঁচা মাংস উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায়ও অনুসন্ধানী কুকুরের সহায়তায় কাঁচা হাঁস, কবুতর, মুরগি ও খরগোশের মাংস শনাক্ত করা হয়।
কানাডা সীমান্ত সেবা সংস্থা জানিয়েছে, কাঁচা মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকার ঝুঁকি থাকে, যা মানুষের শরীরে ডায়রিয়া, জ্বর ও পেটের সমস্যাসহ বিভিন্ন সংক্রমণ ঘটাতে পারে।
দেশটির আইন অনুযায়ী, কানাডায় প্রবেশের সময় যাত্রীদের খাদ্য, উদ্ভিদ ও প্রাণিজাত সব ধরনের পণ্য ঘোষণা করা বাধ্যতামূলক। এর মধ্যে কাঁচা বা রান্না করা মাংস, দুধ, ডিম, মাছ, ফল, সবজি, বীজ, গাছপালা ও মাটিও অন্তর্ভুক্ত।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিষিদ্ধ পণ্য জব্দ বা ধ্বংস করা হতে পারে। পাশাপাশি আইন লঙ্ঘনের ঘটনায় জরিমানার পাশাপাশি আইনি ব্যবস্থার মুখোমুখিও হতে পারেন সংশ্লিষ্টরা।