কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লাকে বিভাগে উন্নীত করার প্রতিশ্রুতির পাশাপাশি সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে এবং পর্যায়ক্রমে সব ওয়াদা পূরণ করা হবে। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছরের লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে যে পরিকল্পনা তুলে ধরা হয়েছিল, তার ভিত্তিতেই মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ইতোমধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী প্রদান শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ এবং কুমিল্লা থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তাই স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।