দেশে নতুন ভোটার যুক্ত হলো ৬ লাখের বেশি
দেশে ভোটার সংখ্যা আরও বেড়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, নতুন করে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার যুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার প্রকাশিত হালনাগাদ তালিকায় দেখা গেছে, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর আগে এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের তথ্য চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।