২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সূচি ঘোষণা
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে একই বছরের ১৩ জুলাই।
তিনি বলেন, এর আগে ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আপত্তির পর নতুন করে আলোচনা করে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কঠোর নজরদারির কথা উল্লেখ করেন তিনি।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।