ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
আলোচিত শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তার শিক্ষাপ্রতিষ্ঠান এনএস কামিল মাদরাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে মাদরাসাটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন তাদের প্রতিষ্ঠানের গর্বিত শিক্ষার্থী। তিনি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে ভারতে আটক করা হলেও বিচার প্রক্রিয়ায় অস্বাভাবিক ধীরগতি দেখা যাচ্ছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তারা। দ্রুত বিচার নিশ্চিতের দাবিও জানান অংশগ্রহণকারীরা।
সমাবেশে বক্তব্য দেন দাখিল পরীক্ষার্থী আরিফুল ইসলাম, মোহাম্মদ সায়েম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং সমাজকর্মী মেহেদী হাসান খালিদ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন ওসমান হাদি। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও বক্তব্যের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।