• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

টাঙ্গাইলে শারীরিক পরিবর্তন ঘিরে কৌতূহল, নূরমী এখন নূরনবী

টাঙ্গাইলে শারীরিক পরিবর্তন ঘিরে কৌতূহল, নূরমী এখন নূরনবী

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুরে এক কিশোরীর শারীরিক পরিবর্তনের ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, ১৪ বছর বয়সী মাদরাসাছাত্রী নূরমী আক্তারের শরীরে ধীরে ধীরে ছেলেদের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ায় তাকে এখন ছেলে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন নাম রাখা হয়েছে নূরনবী।

পরিবার সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের সৌদি প্রবাসী বাদশা খলিফার বড় সন্তান নূরমী স্থানীয় একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল। গত রমজান মাস থেকে সে নিজের শরীরে কিছু পরিবর্তন অনুভব করে এবং বিষয়টি পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করেন।

এরপর পরিবার তার চুল কেটে ছেলেদের পোশাক পরানো শুরু করে এবং ছেলে পরিচয়ে ডাকতে থাকে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে নূরনবীকে দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক মানুষ ভিড় করছেন।

নূরনবীর চাচা সোলাইমান খলিফা বলেন, তাদের পরিবারে আগে পরপর তিন মেয়েসন্তান জন্ম হয়েছিল। তাই এ ঘটনাকে তারা স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, জন্মগত হরমোন বা ক্রোমোজমজনিত কারণে এ ধরনের শারীরিক পরিবর্তন ঘটতে পারে। বিষয়টি চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অস্বাভাবিক নয়।

ঘটনাটি এখন পুরো টাঙ্গাইলজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

১৪ মে ২০২৬, ০৫:৪৮পিএম, ঢাকা-বাংলাদেশ।