অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত দুই বছর লাগবে: তথ্যমন্ত্রী
দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে স্বাবলম্বী হতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীত সরকারের সময়ে লুটপাটের কারণে অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বর্তমান সরকারকে ভাঙা অর্থনীতি পুনর্গঠনে কমপক্ষে দুই বছর সময় প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, আগামী দুই বছর যদি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখা না যায়, তাহলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব হবে না।
জহির উদ্দিন স্বপন জানান, বর্তমানে দেশ প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে। পাশাপাশি প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে, যেখানে রপ্তানি আয় ও রেমিট্যান্সের ওপর চাপ তৈরি হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ এখনো আমদানিনির্ভর অর্থনীতির মধ্যে রয়েছে, ফলে ঘাটতি বাজেট ও ঘাটতি অর্থনীতি নিয়েই দেশ পরিচালনা করতে হচ্ছে।