• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। এতে আগামী কয়েক দিনে নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সুরমা–কুশিয়ারা নদীর পানিও আগামী দুই দিনে আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়, নেত্রকোনা জেলার ভুগাই–কংস এবং সুনামগঞ্জের যাদুকাটা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একইভাবে নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু–বাউলাই নদীর পানিও আগামী দুই দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পাহাড়ি ঢলের প্রভাবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। গারো পাহাড় থেকে নেমে আসা পানিতে গাজীর ভিটা ও ভূবনকূড়া এলাকায় পানি ঢুকে লোকালয় ও কৃষিজমি তলিয়ে গেছে। ভাঙনের কারণে দুইটি কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, পানি প্রবেশ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে প্রশাসন সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

১৩ মে ২০২৬, ০৭:১৮পিএম, ঢাকা-বাংলাদেশ।