কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে এ দাম রাখা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সরকারের এ সিদ্ধান্তে কোরবানির মৌসুমে চামড়া ব্যবসায় গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।