• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

হকার ও রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগ দক্ষিণ সিটির

হকার ও রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগ দক্ষিণ সিটির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হকার ও রিকশা চলাচলকে নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ করতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগর ব্যবস্থাপনায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু–র ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, বর্তমানে রাজধানীর হকারদের ডিসিপ্লিনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি রিকশা চলাচলেও নিয়মতান্ত্রিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে, যা অতীতে বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ঢাকায় বিভিন্ন ধরনের সমস্যা বেড়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তদারকির ঘাটতি ছিল। একই সঙ্গে হামের টিকা সংগ্রহে ব্যর্থতার কারণেও শিশুমৃত্যুর ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

স্মরণসভায় পিন্টুকে আন্দোলন-সংগ্রামের প্রতীক উল্লেখ করে আব্দুস সালাম বলেন, তিনি অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করেননি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহাম্মেদ মিষ্টি। তিনি বলেন, পিন্টু ছিলেন কর্মীবান্ধব নেতা ও বিএনপির গুরুত্বপূর্ণ সম্পদ। তার হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।

 

১৩ মে ২০২৬, ০৭:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।