একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প
দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রকল্পটির প্রথম ধাপ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের মূল লক্ষ্য শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে প্রবাহ ফিরিয়ে আনা।
প্রথম ধাপে রাজবাড়ীর পাংশায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ব্যারাজ নির্মাণ করা হবে। এতে থাকবে ৭৮টি স্পিলওয়ে, নেভিগেশন লক, ফিশ পাস এবং জলবিদ্যুৎ উৎপাদন সুবিধা। প্রকল্পের আওতায় গড়াই-মধুমতি ও হিসনা নদী ব্যবস্থার ড্রেজিংও করা হবে।
সরকারের আশা, প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি, মৎস্য উৎপাদন ও আঞ্চলিক পানি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে।