নোয়াখালীতে বাড়ির সামনে গুলিবিদ্ধ জামায়াত কর্মী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন জামায়াতের এক কর্মী। রোববার রাত সাড়ে ১১টার দিকে আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাইনুল ইসলাম মাহিন (২৪) স্থানীয় আবুল হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য, বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন মুখোশধারী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিতে তার ডান পায়ে আঘাত লাগে। পরে আরও একটি গুলি করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
উপজেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এ হামলা হতে পারে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।