• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

নিজস্ব প্রতিবেদক

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করে বৈঠকে অংশ নেন। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও বিএসএফকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি জানান, ভূমি ও রাজস্বসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যেই প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষায় ভূমি হস্তান্তর প্রক্রিয়ায় বাধা দিয়েছিল। তবে বর্তমান সরকার সীমান্ত ব্যবস্থাপনায় কঠোর অবস্থান নেবে বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ভারত-বাংলাদেশ সীমান্তের বড় একটি অংশ।

১১ মে ২০২৬, ০৬:০৯পিএম, ঢাকা-বাংলাদেশ।