সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয় নয়, গুরুত্ব পাবে ব্যক্তির অপরাধ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সন্ত্রাস ও দুর্নীতি মোকাবিলায় কাউকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, সরকার পুলিশ বাহিনীকে জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে দেশ সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে আরও এগিয়ে যাবে। পুলিশের সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে কাজ করার মানসিকতা থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সততা, মেধা ও দক্ষতার ভিত্তিতেই পুলিশে নিয়োগ, বদলি ও পদোন্নতি দেওয়া হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, জনগণ সরকারের কার্যক্রম অনেকাংশে পুলিশের আচরণ ও ভূমিকার মাধ্যমেই মূল্যায়ন করে। তাই পেশাদারিত্বের সঙ্গে কোনো আপস করা যাবে না।