জনতা ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় পাঁচ কর্মকর্তার কারাদণ্ড
চট্টগ্রামে জনতা ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ টাকার বেশি আত্মসাতের মামলায় পাঁচ সাবেক কর্মকর্তাকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা ভোগ করতে হবে।
রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জনতা ব্যাংকের শেখ মুজিব রোড করপোরেট শাখা ও প্রধান কার্যালয়ের সাবেক কয়েকজন কর্মকর্তা। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। আরেক আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে অবৈধভাবে অর্থ স্থানান্তর করে আত্মসাৎ করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালে অভিযোগপত্র জমা দেয় দুদক। পরে ২০১৩ সালে শুরু হয় বিচার কার্যক্রম।