সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা শুরু হয়।
বেলা ১১টার দিকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তার প্রথম বড় সাংগঠনিক বৈঠক। সভায় দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম জোরদার, স্থানীয় বিরোধ নিরসন এবং চেইন অব কমান্ড পুনর্বিন্যাস নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
এতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন জেলার সভাপতি-সাধারণ সম্পাদক এবং মহানগর নেতারা অংশ নেন। এর আগে ভেন্যু পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, এই মতবিনিময় সভা থেকে দলের ভবিষ্যৎ সাংগঠনিক কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে।