ঈদ পর্যন্ত রাত ১০টা খোলা থাকবে মার্কেট-শপিংমল
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় এ তথ্য জানান দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
তিনি বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করা হলেও সরকার রাত ১০টা পর্যন্ত অনুমতি দিয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদকেন্দ্রিক কেনাকাটার সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকার জানিয়েছে, নতুন সময়সূচি দেশের বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।