বিদ্যুতের দাম বাড়েনি এখনো, নবায়নযোগ্য জ্বালানিতে জোর সরকারের
বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সৌর ও বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিতে এখনো পিছিয়ে থাকলেও বর্তমান সরকার এ খাতকে অগ্রাধিকার দিচ্ছে।
এদিকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে বিদ্যুৎ বিভাগ। পিডিবি পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির সুপারিশ করেছে। বিষয়টি পর্যালোচনায় কারিগরি কমিটি গঠন করেছে বিইআরসি।
বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৮ টাকা ৯৫ পয়সা, আর পাইকারি দাম ৭ টাকা ৪ পয়সা।