উদ্বোধনের এক মাসেই সড়ক ধস, নিম্নমানের কাজের অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশ বিল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণে সড়কটি টেকেনি। প্রকল্পটি বিশ্বব্যাংক ও সরকারের অর্থায়নে বাস্তবায়ন করা হয়, যার ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫ কোটি টাকার বেশি। নির্মাণকাজ সম্পন্ন করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সংশ্লিষ্ট প্রকৌশলী দাবি করেছেন, অতিবৃষ্টির কারণে সড়কের অংশ ধসে পড়েছে এবং কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।