হজযাত্রীদের বয়সসীমা শিথিল করল সৌদি আরব
হজযাত্রীদের জন্য আরোপিত ১৫ বছরের বয়সসীমা প্রত্যাহার করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ১২ বছর বা তার বেশি বয়সীরা হজে অংশ নিতে পারবেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পূর্বে ঘোষিত বিধিনিষেধ ৩ মে থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বয়সসীমার কারণে যেসব ভিসা বাতিল হয়েছিল, সেগুলো পুনরায় প্রক্রিয়াকরণ করা হবে। হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ও এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে নিরাপত্তা ও ব্যবস্থাপনা কারণে ১৫ বছরের কম বয়সীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হজযাত্রীদের জন্য স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।