শীর্ষ সন্ত্রাসী নেই বললেই চলে: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
শনিবার সকালে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে মো. সরওয়ার বলেন, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হলেও বর্তমানে বড় কোনো শীর্ষ সন্ত্রাসী সক্রিয় নেই।
তিনি জানান, যারা রয়েছে তারা মূলত পূর্বের সন্ত্রাসীদের সহযোগী অথবা নিজেদের সেই পর্যায়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। বিষয়টি পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, নাম ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা রোধে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরাধ নিয়ন্ত্রণে কারওয়ান বাজার এলাকায় নতুন পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।