ভারি বৃষ্টিতে তিন জেলায় বন্যার শঙ্কা
সর্বশেষ পূর্বাভাসে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি কিছুটা কমলেও ভোগাই-কংস নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। একই সময়ে নেত্রকোনা ও কিশোরগঞ্জেও পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমা ছুঁতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এ অঞ্চলে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও সাময়িক বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।