৩০ এপ্রিলের পর অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান
জাতীয় সংসদে বক্তব্যে সালাহউদ্দিন আহমদ জানান, আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে অনলাইন জুয়া, মাদক ও অবৈধ সিসা লাউঞ্জের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে। তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী যুবসমাজকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর কোনো বিকল্প নেই। অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-পরিচয় বদলে পুনরায় কার্যক্রম চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর রয়েছে এবং এই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে তিনি সংসদকে জানান।