নতুন ট্যারিফে সস্তায় উচ্চগতির ইন্টারনেট, মিলবে ২৫০ এমবিপিএস পর্যন্ত
নতুন ট্যারিফ অনুযায়ী ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখন কম খরচে বেশি গতির ব্রডব্যান্ড সেবা দিতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক দেশ, এক রেট’ নীতির আওতায় ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ চালুর অনুমতি দেওয়া হয়েছে। নতুন তালিকায় ৩০ এমবিপিএসের সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা, ১০০ এমবিপিএস ১০০০ টাকা এবং ২৫০ এমবিপিএস ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিতের শর্তে এই সুবিধা কার্যকর হবে। পাশাপাশি শেয়ারড কন্টেনশন রেশিও সর্বোচ্চ ১:৮ নির্ধারণ করা হয়েছে। এর ফলে দেশজুড়ে উচ্চগতির ইন্টারনেট আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।