দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। তিনি বলেন, ধাপে ধাপে সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে। তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র নির্ধারণ, কর্মকর্তা প্রশিক্ষণ ও সরঞ্জাম প্রস্তুতির মতো বিষয়গুলো গুরুত্ব পায়। এজন্য কমপক্ষে ৪৫ দিনের প্রস্তুতি দরকার। সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও জানান, নতুন বিভাগ গঠনের প্রস্তাব নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছে। এছাড়া ইভিএম প্রকল্পের অডিট ও তদন্ত চলমান থাকায় ভবিষ্যৎ নির্বাচনে এ প্রযুক্তি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে ইভিএমগুলো সংরক্ষণে রাখা হয়েছে।