• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

নেত্রকোণায় এমপির গাড়িতে হামলা: বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

নেত্রকোণায় এমপির গাড়িতে হামলা: বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় এক সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতাসহ ৬৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার রাতে পূর্বধলা থানায় মামলাটি করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের কর্মী আল-আমিন। মামলার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন এজাহারভুক্ত এবং বাকিরা অজ্ঞাতনামা আসামি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে উপজেলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে। স্থানীয় সূত্রে জানা যায়, তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়।

পরে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। সংসদ সদস্য মাসুম মোস্তফা অভিযোগ করেছেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা বরং পরিস্থিতি শান্ত করতে সহায়তা করেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। উপজেলা প্রশাসন বলছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৫ এপ্রিল ২০২৬, ০৭:০০পিএম, ঢাকা-বাংলাদেশ।