• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থীদের দেয়া হবে ফাইজারের টিকা

শিক্ষার্থীদের দেয়া হবে ফাইজারের টিকা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবিলায় শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ফাইজারের তৈরি করোনা টিকা দেয়া হবে। খুবই শিগগির টিকা কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।

শনিবার মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরতানুল আজম খান আপেল, পৌর প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক প্রমুখ।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়ার নির্দেশনা দিয়েছেন। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই টিকাদান কার্যক্রম শুরু করা হবে। শিক্ষার্থীদের আমেরিকার তৈরি ফাইজারের টিকা দেয়া হবে। আমরা এ জন্য কাজ করছি।

এ পর্যন্ত আড়াই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মৃত্যু ও আক্রান্তের হার কমে এসেছে। কোথাও কোথাও আক্রান্তের হার ৫ শতাংশের নিচে নেমে গেছে। এটা অবশ্যই ভালো খবর।

তিনি বলেন, মৃত্যু ও সংক্রমণ হার বিবেচনায় আমরা এখন লাল তালিকা থেকে বের হতে পেরেছি। যুক্তরাজ্য আমাদের লাল তালিকায় রেখেছিল। বিশ্বের মোট ৮টি দেশ যুক্তরাজ্যের লাল তালিকায় ছিল। আমরা করোনা মোকাবিলায় সফলতা দেখিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে করোনা মোকাবিলা করেছে, তা বিশ্বে নজির স্থাপন করেছে।

জাহিদ মালেক আরও বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান, ট্রেন, শিল্পকারখানা খুলে দিয়েছি। দেশের অর্থনীতির চাকা এখন সচল রয়েছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি।

 

এবি/এসএন

১৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০পিএম, ঢাকা-বাংলাদেশ।