এসএসসিতে প্রশ্নফাঁস হয়নি, নজরদারিতে পরবর্তী পরীক্ষা
এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি জানান, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সাত দিন সংরক্ষণ করা হবে এবং অভিযোগ পেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী পরীক্ষাগুলোও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, কেন্দ্রসচিবরা পরীক্ষার্থীদের অভিভাবকের মতো দায়িত্ব পালন করেন এবং তারা প্রশিক্ষিত হওয়ায় যেকোনো পরিস্থিতি সামাল দিতে সক্ষম। মিডিয়াকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।