পাচারকৃত অর্থ ফিরিয়ে জনগণের মাঝে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা জনগণের মধ্যে বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, উদ্ধারকৃত অর্থ কৃষকসহ সাধারণ জনগণের মাঝে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এ সময় ৯১১ জনের হাতে কার্ড তুলে দেওয়া হয় এবং চলতি মাসের মধ্যে আরও ২৩টি উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান তিনি। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সরকারের এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।