পাম্পে হাহাকার, সরকার বলছে মজুত স্বাভাবিক
দেশজুড়ে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি বাড়লেও সরকার বলছে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, বিকল্প উৎস থেকে আমদানি এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-কে সীমিত সক্ষমতায় চালু রেখে সরবরাহ সচল রাখা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে, ফলে নির্ধারিত ক্রুড অয়েল আসেনি। এদিকে পাম্পগুলোতে ভিড়ের প্রধান কারণ ‘প্যানিক বায়িং’ বলে দাবি কর্মকর্তাদের। বর্তমানে দেশের মজুত দুই মাসের জন্য পর্যাপ্ত বলেও জানানো হয়েছে। পরিস্থিতি দীর্ঘ হলে জ্বালানি তেলের দাম সমন্বয়ের ইঙ্গিত দিয়েছে সরকার।