ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার মোটরসাইকেলের পেট্রোল চুরি
রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তায় এক যুবদল নেতার মোটরসাইকেল থেকে ১৩ লিটার পেট্রোল চুরি হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, তিনি তার মোটরসাইকেলটি সোনাপুর চৌরাস্তার চিতোষী সড়কে একটি দোকানের পাশে রেখে যান। মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তরা ট্যাংকির লক ভেঙে ভেতরে থাকা পেট্রোল নিয়ে যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে এ ধরনের চুরি বেড়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। পুলিশের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।