তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তেল না পেয়ে এক পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নাহিদ সরদার স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর-নড়াইল মহাসড়কের পাশে একটি পাম্পে তেল নিতে এসে ব্যর্থ হন ট্রাকচালক সুজাত মোল্যা। এ নিয়ে তার সঙ্গে নাহিদের বাকবিতণ্ডা হয়। পরে রাতের দিকে নাহিদ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচালক পিছু নিয়ে তাকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই নাহিদ নিহত হন এবং তার সঙ্গী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, অভিযুক্ত চালক পলাতক এবং তাকে ধরতে অভিযান চলছে।