হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ বন্ধু দেশগুলোর জাহাজে নিরাপত্তা দেবে ইরান
চলমান সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ কয়েকটি দেশের জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দেবে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি; বরং যেসব দেশকে ইরান বন্ধু মনে করে বা বিশেষ অনুমতি দেয়, তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের জাহাজ ইতোমধ্যে চলাচল করেছে এবং বাংলাদেশও সমন্বয়ের আওতায় রয়েছে। তবে যেসব দেশকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে, তাদের জন্য এ পথ বন্ধ থাকবে। সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলেও এ সিদ্ধান্ত কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে বলেও ইঙ্গিত দিয়েছে তেহরান।