গেইটম্যানের গাফিলতিতে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেইটম্যানদের দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেইটম্যানের কেউই উপস্থিত ছিলেন না এবং গেইট বন্ধ করা হয়নি। ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় অভিযুক্ত গেইটম্যান মো. হেলালকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয় এবং তিনি মামলার প্রধান আসামি। গত ২২ মার্চ রাতে যশোর থেকে লক্ষ্মীপুরগামী একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত ও ২৫ জন আহত হন। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।