এক ক্লিকেই জানা যাবে পাম্পে তেলের সর্বশেষ অবস্থা
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়িতে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ভোগান্তি কমাতে চালু হয়েছে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনে এক ক্লিকেই জানতে পারবেন কোন পাম্পে তেল রয়েছে, কোথায় সরবরাহ চলছে এবং মজুত পরিস্থিতি কেমন। উপজেলা প্রশাসন জানিয়েছে, এতে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট বা তেল না পেয়ে ফিরে আসার সমস্যা কমবে। উদ্যোগটি নিয়েছেন স্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু, কারিগরি সহায়তা দিয়েছে ফটিকছড়ি ডট কম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, এটি সহজ ও কার্যকর সেবা, যা জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ মানুষের সময় ও শ্রম সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।