রেল স্টেশনে উপচে পড়া ভিড় ঘরমুখো মানুষের
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনসহ বিভিন্ন স্টেশনে এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
ঈদযাত্রার শেষ মুহূর্তে স্টেশনগুলোতে নেমেছে মানুষের ঢল। প্ল্যাটফর্মে তিল ধারণের ঠাঁই নেই। ট্রেনের সিডিউল বিপর্যয় আর অতিরিক্ত ভিড় ঠেলে প্রিয়জনদের কাছে ফিরতে শহর ছাড়ছে হাজারো মানুষ।
অগ্রিম টিকিট থাকার পরও স্বস্তিতে ট্রেনে ওঠা অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে। কামরায় জায়গা না পেয়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বা বগির মাঝখানে যাত্রা করছেন। ভোগান্তি থাকলেও বাড়ি ফেরার আনন্দই যেন বড় হয়ে উঠছে সবার কাছে।
এক যাত্রী জানান, টিকিট পেলেও ট্রেনে ওঠাই যেন যুদ্ধের মতো। ভিড়ের কারণে সিট পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। তবুও বাড়ি ফিরতে পারার আনন্দই বেশি।
আরেক যাত্রী বলেন, শিশুদের নিয়ে কিছুটা কষ্ট হলেও বাড়িতে গিয়ে স্বজনদের দেখার আশাতেই সব কষ্ট ভুলে যাচ্ছেন।
যাত্রীদের সহায়তায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছে। অসুস্থ যাত্রীদের ওঠানামায় সহায়তা, প্রাথমিক চিকিৎসা প্রদানসহ নানা ধরনের সেবা দিচ্ছেন তারা।
এদিকে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ রেলওয়ে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাদে ভ্রমণ ঠেকানো এবং টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ রোধে কঠোর অবস্থানের কথা জানালেও বাস্তবে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ সারোয়ার জানান, যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেন চালু রাখা হয়েছে এবং সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।