পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক কার্ড বিতরণ করবে সরকার
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে দেশের প্রান্তিক কৃষকদের জন্য বড় উদ্যোগ নিয়েছে সরকার। পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফার্মার্স কার্ড’ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রথম পর্যায়ে দেশের ১১টি উপজেলার নির্বাচিত কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। এসব উপজেলার মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।
বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এই ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, সার, সেচ সুবিধাসহ বিভিন্ন প্রণোদনা সহজে গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সরকারের এই উদ্যোগকে কৃষিবান্ধব নীতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।