• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সামনের বছর থেকে ভর্তিতে লটারি থাকছে না: শিক্ষামন্ত্রী

সামনের বছর থেকে ভর্তিতে লটারি থাকছে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

সোমবার বিকেলে রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়–এর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে ভর্তিতে লটারি ব্যবস্থা তুলে দেওয়া হবে। এর পরিবর্তে সহজ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। তবে এতে কোনো ধরনের অতিরিক্ত প্রতিযোগিতামূলক চাপ তৈরি করা হবে না।

তিনি বলেন, লটারি পদ্ধতি কোনো শিক্ষাব্যবস্থার অংশ হতে পারে না। দীর্ঘদিন ধরে গবেষণা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ বিষয়ে আলোচনা চলবে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলার মতো। কেউ যদি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোচিং বাণিজ্য করার চেষ্টা করে, তাহলে সরকার তা কঠোরভাবে দমন করবে। প্রয়োজনে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় ইনহাউজ কোচিং চালু করবে।

এছাড়া তিনি বলেন, সরকার পুরোপুরি পরীক্ষাভিত্তিক ব্যবস্থায় ফিরে যাচ্ছে—এমন নয়। শিক্ষার্থীরা চাইলে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই পরীক্ষা ঐচ্ছিক থাকবে এবং বৃত্তি পাওয়া অর্থ অনেক দরিদ্র পরিবারের জন্য সহায়তা হিসেবে কাজ করবে।

১৬ মার্চ ২০২৬, ০৫:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।