আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রাখা যাবে: ডিএমপি
ঈদের সময় ঢাকায় যাদের আত্মীয়স্বজন নেই এবং বাসায় মূল্যবান জিনিস রেখে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা চাইলে থানায় স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ সামগ্রী নিরাপদে রাখতে পারবেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রোববার সকালে রাজধানীর মিন্টো রোড–এ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, ঈদ উপলক্ষে রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে।
এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি ঠেকাতে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।
নিরাপত্তা জোরদারে পুলিশের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট ও মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, যাদের আত্মীয়স্বজন নেই তারা চাইলে তাদের স্বর্ণালংকার বা মূল্যবান জিনিসপত্র থানায় নিরাপদে রাখতে পারবেন এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে দ্বিধা না করার আহ্বান জানান।
তিনি নগরবাসীকে ঈদে বাড়ি ছাড়ার আগে বাসার দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, সিসি ক্যামেরা সচল রাখা এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শও দেন।