ইসরাইলে ২৪ ঘণ্টায় আহত ১০৮ জন
ইসরায়েল ও ইরান–এর মধ্যে চলমান সংঘাতে গত ২৪ ঘণ্টায় ইসরাইলে অন্তত ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের ঠিক কী কারণে আঘাত লেগেছে তার বিস্তারিত জানানো হয়নি। এ তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের কেউ কেউ সরাসরি ক্ষেপণাস্ত্র বা রকেট হামলায় নয়, বরং আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময়ও আহত হয়ে থাকতে পারেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লেবানন থেকেও রকেট হামলার আশঙ্কা থাকায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বারবার সাইরেন বাজছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে দেশজুড়ে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে।