গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার জাতীয় সংসদে তিনি বলেন, জুলাই সনদ সরকার অক্ষরে অক্ষরে পালন করতে চায়। তবে তা আইন, বিধি-বিধান ও সংবিধানের কাঠামোর মধ্য দিয়েই বাস্তবায়ন করতে হবে।
এর আগে জুলাই সনদ প্রসঙ্গে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। বর্তমানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংসদে আলোচনা ও অনুমোদনের মাধ্যমে সংশোধনী পাস হলে তবেই সেটি কার্যকর হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই পরিষদের সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি বর্তমানে বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, যদি গণভোটের রায়ের ভিত্তিতে নতুন কোনো পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধান সংশোধন করতে হবে। এরপর প্রয়োজন হলে সেই পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি বিবেচনায় আসবে।