জুলাই ইস্যুতে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’
জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে কথা বলতে চাইলেও তাৎক্ষণিকভাবে বক্তব্য দেওয়ার সুযোগ পাননি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। স্পিকার জানান, প্রশ্নোত্তর পর্ব শেষে তাকে এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে।
রোববার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন–এ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বৈঠকে এ ঘটনা ঘটে।
তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে—একটি সংসদ নির্বাচন ও অন্যটি গণভোট। তিনি এ বিষয়ে বক্তব্য চালিয়ে যেতে চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে থামিয়ে দেন।
স্পিকার বলেন, প্রশ্নোত্তর পর্ব চলাকালে অন্য বিষয় উত্থাপন করা যাবে না। নির্ধারিত প্রশ্নের মধ্যেই থাকতে হবে। তবে প্রশ্নোত্তর পর্ব শেষে তাকে বক্তব্য দেওয়ার সময় দেওয়া হবে বলে জানান তিনি।
এরপর বিরোধীদলীয় নেতা স্পিকারের কাছে জানতে চান, তিনি কি পরে এ বিষয়ে কথা বলার সুযোগ পাবেন। জবাবে স্পিকার বলেন, এখন বিষয়টি উত্থাপন করা যাবে না, তবে প্রশ্নোত্তর পর্বের পর তাকে সময় দেওয়া হবে।
আজকের সংসদ বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তির কার্যক্রমও রয়েছে।
সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।