• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

তিন ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংক ইন্টারনেট চালু

তিন ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংক ইন্টারনেট চালু

নিজস্ব প্রতিবেদক

দেশের ট্রেন যাত্রীদের জন্য প্রথমবারের মতো স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে তিনটি আন্তঃনগর ট্রেনে ‘স্টারলিংক’ ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড

শুক্রবার থেকে কয়েকটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেনে এই পরীক্ষামূলক সেবা চালু করা হয়। এর ফলে যাত্রীরা এখন ট্রেনের ভেতরেই উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে যে তিনটি ট্রেনে এই সুবিধা চালু হয়েছে সেগুলো হলো—

  • পর্যটক এক্সপ্রেস

  • উপবন এক্সপ্রেস

  • বনলতা এক্সপ্রেস

দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বুধবার ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, দেশের কানেক্টিভিটি বাড়াতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে এবং চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালু করা তারই একটি অংশ।

তিনি আরও জানান, যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং ভবিষ্যতে সেবাটি আরও উন্নত করা হবে।

এ বিষয়ে ইমাদুর রহমান বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী দেশের ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।

১৫ মার্চ ২০২৬, ০৪:০৯পিএম, ঢাকা-বাংলাদেশ।