আজ থেকে স্বাভাবিক জ্বালানি সরবরাহ, তুলে নেওয়া হলো রেশনিং
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ায় আজ রোববার থেকে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ফলে এখন থেকে আগের মতোই পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল পাওয়া যাবে।
এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার রাজধানীর গুলিস্তান এলাকায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, সরকার গণপরিবহনে সব ধরনের জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি চলবে। আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন নির্বিঘ্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ইরান–কে ঘিরে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় দেশে জ্বালানি সংকটের আতঙ্ক তৈরি হলে গত ৬ মার্চ সরকার সারা দেশে তেলের রেশনিং চালু করে। তখন অতিরিক্ত তেল কেনার প্রবণতা বাড়ায় সরবরাহ স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
রেশনিং ব্যবস্থায় মোটরসাইকেলের জন্য দৈনিক ২ লিটার, এসইউভি ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার এবং দূরপাল্লার বাস ও ট্রাকের জন্য ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সীমা আংশিক শিথিল করা হয়।
বর্তমানে সরবরাহ স্বাভাবিক হওয়ায় সরকার পুরোপুরি রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।