• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

শনিবার জাতীয় সংসদ ভবন–এর ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এতে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

বৈঠকে অধিবেশনের কার্যসূচি ও সময় নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত–প্রস্তাব জমা পড়েছে।

১৪ মার্চ ২০২৬, ০৫:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।