• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

চট্টগ্রাম বন্দরে ১৬ জ্বালানিবাহী জাহাজ, আরও তিনটি আসছে

চট্টগ্রাম বন্দরে ১৬ জ্বালানিবাহী জাহাজ, আরও তিনটি আসছে

নিজস্ব প্রতিবেদক

দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে পরিশোধিত জ্বালানি নিয়ে ১৬টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দর–এ। এর মধ্যে অধিকাংশ জাহাজ থেকেই ইতোমধ্যে জ্বালানি খালাস করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি জাহাজ বন্দরে পৌঁছাবে।

বন্দর সূত্রে জানা গেছে, ৩ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যে এসব জাহাজ বন্দরে নোঙর করে। এর মধ্যে ১১টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে এবং বাকি পাঁচটি জাহাজ থেকে খালাস কার্যক্রম চলমান রয়েছে।

মার্চের প্রথম ১০ দিনে কাতার থেকে আসা ‘আল জুর’, ‘আল জাসাসিয়া’ ও ‘লুসাইল’ নামের তিনটি জাহাজ প্রায় ৬২ হাজার টন করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস করেছে।

এ ছাড়া ১২ মার্চ বন্দরে পৌঁছানো ‘আল গালায়েল’ নামের জাহাজ থেকে প্রায় ২৬ হাজার ১৬৫ টন এলএনজি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে খালাস করা হচ্ছে।

অন্যদিকে মালয়েশিয়া ও ওমান থেকে আসা কয়েকটি জাহাজ প্রায় ১৯ হাজার ৩১৬ টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খালাস করেছে। আরও কয়েকটি এলপিজি ট্যাংকারে খালাস প্রক্রিয়া চলমান রয়েছে।

এলএনজি ও এলপিজির পাশাপাশি পরিশোধিত জ্বালানি, ফার্নেস অয়েল, গ্যাস অয়েল, ডিজেল ও বেজ অয়েলসহ শিল্প খাতের প্রয়োজনীয় কাঁচামালও বন্দরে এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার টন পরিশোধিত জ্বালানি ও চার হাজার টন বেজ অয়েল দেশে এসেছে।

সম্প্রতি হরমুজ প্রণালি ঘিরে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জাহাজ চলাচল ও বিমা ব্যয় বাড়লেও বন্দর কর্মকর্তারা বলছেন, চলতি মাসে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত ও গৃহস্থালির জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা নেই।

১৪ মার্চ ২০২৬, ০৫:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।