জুলাই সনদ বাস্তবায়নে সময়সীমা, না হলে আন্দোলনের হুঁশিয়ারি
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নিলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় রাজনৈতিক জোট। জোটের নেতারা জানিয়েছেন, আগামীকালের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার ঢাকার মগবাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংঘাত তুলনামূলক কম হলেও জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটেনি। তবে জাতীয় স্বার্থে ফলাফল মেনে নেওয়া হয়েছে। তার দাবি, নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেন।
হামিদুর রহমান আযাদ বলেন, নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকার কথা থাকলেও তা এখনো হয়নি। আগামীকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না এলে সরকারকে এর দায় নিতে হবে এবং ১১ দলীয় ঐক্য আন্দোলনে যেতে বাধ্য হবে।
তিনি আরও জানান, আগামী ২৮ মার্চ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হবে। বৈঠকে ছয় সিটিতে প্রশাসক নিয়োগ, প্রশাসনে দলীয়করণসহ বিভিন্ন বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।