• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: প্রধানমন্ত্রী

ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের পরপরই জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের ভোটের কালি মুছে যাওয়ার আগেই জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের সহায়তা দেওয়া এবং কর্মসংস্থান সৃষ্টি করে বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের সহায়তায় ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবার এ কার্ডের আওতায় আসবে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ডের পাইলট প্রকল্প চালু করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হবে। পাশাপাশি খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচির পাইলট প্রকল্পও চালু হয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।

১৪ মার্চ ২০২৬, ০৫:২৭পিএম, ঢাকা-বাংলাদেশ।