নতুন নোট বিক্রি বেআইনি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কার্যক্রমে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, উৎসবের সময় নতুন নোটের চাহিদা বাড়লেও এটিকে পণ্য হিসেবে বিক্রি করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, নতুন নোট কোনো পণ্য নয়, তাই এটি বিক্রি করা আইনবিরোধী। কেউ যদি এমন কাজে জড়িত থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যদি নতুন নোট সরবরাহের মাধ্যমে বিক্রির সঙ্গে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখপাত্র। তিনি বলেন, দেশ ধীরে ধীরে নগদবিহীন অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।